
অবৈধভাবে পাচার করা হচ্ছিল এসব পণ্য!
চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সিমেন্টসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার ৬ জানুয়ারি রাত আনুমানিক ১১ টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে ২ নং বয়ার কাছে অভিযান চালিয়ে বোটসহ সকল মালামাল উদ্ধার করে।
কোস্ট গার্ড এর মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে ০২ নং বয়ার নিকটে অবৈধভাবে বিপুল পরিমাণ ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তানভীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ২ নং বয়ার নিকটে সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড জাহাজ থামার সংকেত প্রদান করে। এসময় পাচারকারীরা সংকেত অমান্য করে পারকির চর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, পরবর্তীতে বোটটি তল্লাশী করতঃ ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ বোটটি জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy