
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃজাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। ঘোষিত এই নতুন কমিটিতে স্থানীয় ক্রীড়াবিদ কোটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য-সচিব পদে মনোনীত হয়েছেন বান্দরবানের জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম।
নতুন গঠিত এই কমিটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বান্দরবানের জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ও জেলা ক্রীড়া অফিসার। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ কোটায় কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জনাব আলী হায়দার বাবলু এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।
তৃণমূল থেকে উঠে আসা এক বলিষ্ঠ নেতৃত্ব বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলমের সদস্য-সচিব মনোনীত হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে বান্দরবানের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ।
তিনি ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সামনের সারিতে ছিলেন।
ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতি তার আজীবন গভীর অনুরাগ ও সম্পৃক্ততার কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।
দ্রুত নির্বাচনের মাধ্যমে গতি ফিরবে ক্রীড়াঙ্গনে
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, সদ্য অনুমোদিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে।
স্থানীয় ক্রীড়া অনুরাগী ও যুবসমাজের প্রত্যাশা, মোঃ জাহাঙ্গীর আলমের মতো একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক সদস্য-সচিবের দায়িত্ব পাওয়ায় বান্দরবানের স্তিমিত হয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে। তার হাত ধরেই পাহাড়ের তরুণ সমাজ মাদক ও নেতিবাচক পথ পরিহার করে আবারও খেলার মাঠে মুখরিত হয়ে উঠবে এবং জেলায় নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন নতুন প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy