
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের রত্নপুর পাড়ায় অস্বচ্ছল ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটি।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ৩ নং রিসাই ইউনিয়নের রত্নপুর পাড়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা হস্তান্তর করা হয়। এই উদ্যোগের মাধ্যমে এলাকার প্রায় ৪০ জন উপকারভোগীকে সরাসরি নগদ আর্থিক সহায়তার আওতায় আনা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটির জেলা সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট উথোযাইওয়াং মিন্টু এবং প্রচার সম্পাদক সুজর্জ তংচংগ্যা। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, পার্বত্য এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো তাঁদের সংগঠনের অন্যতম লক্ষ্য। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাঁদের জীবনযাত্রায় সামান্য স্বস্তি ফেরাতে সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে এই মানবিক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে বক্তারা প্রতিশ্রুতি দেন।
আর্থিক সহযোগিতা লাভ করার পর উপকারভোগী পরিবারের সদস্যরা তাঁদের সন্তোষ প্রকাশ করেন এবং এই সংকটকালে পাশে দাঁড়ানোর জন্য গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : K. Chy