
জুবাইরুল ইসলাম রাফি, চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পেকুয়া–মগনামা (পুরাতন) সড়কটি বর্তমানে এলাকাবাসীর জন্য আতঙ্ক ও চরম দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। একদিকে নিয়মিত ডাকাতির ঘটনা, অন্যদিকে ভেঙে পড়া ছড়া ব্রিজ, এই দুই সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের একটি নির্দিষ্ট অংশে দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় রয়েছে। তারা পথচারী ও যাত্রীদের পথরোধ করে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে এলাকাটি এখন সাধারণ মানুষের কাছে চরম আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, একই সড়কের ছড়া ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের কাঠের পাটাতন ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় ফাঁক সৃষ্টি হয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। প্রতিদিনই শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছেন।
এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্থানীয়রা অবিলম্বে সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার, ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জরাজীর্ণ ছড় ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy