
শিল্পকলায় বয়ানের 'স্পার্টাকাস বিষয়ক জটিলতা' মঞ্চায়িত হলো গত শুক্রবার। খ্যাতিমান নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদের বহুল আলোচিত নাটক 'স্পার্টাকাস বিষয়ক জটিলতা'-র ৪র্থ ও ৫ম মঞ্চায়ন সম্পন্ন হলো।
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক সায়েম উদ্দীন।
ক্ষমতা, বিদ্রোহ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষার এক জটিল আখ্যান এই নাটক। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সাথে সংলাপ স্থাপন করা নাটকটি শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে
বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় ৪র্থ ও ৫ম মঞ্চায়ন হয়। দর্শকদের উপস্থিতি ও অভিনেতাদের সাথে সংযোগ স্থাপন করাও ছিলো লক্ষ্যণীয়।
মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক সায়েম উদ্দীন বলেন, "এই নাটকের বক্তব্য, সংলাপ, অভিনয় এমনকি পোশাকও বর্তমান বাস্তবতায় বেশ প্রাসঙ্গিক। এটা আমাদের সময়ের, আমাদের সমাজেরই আলাপ। এটি একটি মনস্তাত্ত্বিক দ্রোহের আখ্যান বা এলিগরি। 'দর্শক না থাকলে নাটকও পাথর' - এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। দর্শকের সাড়াও পাচ্ছি। আশা করি সামনে আমাদের এই চর্চা অব্যাহত থাকবে।"
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তা সাহা, প্রিয়ন্তী, প্রান্ত ভৌমিক, মনিরুল মান্নান, পার্থ সারথি দে, রানা দে, জহির ইসলাম মামুন,পলক বড়ুয়া, সাজু বড়ুয়া ও সায়েম উদ্দীন।
আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীতে বড়ুয়া সীমান্ত ও ফারহানা আকতার।
নাটকটির প্রযোজনা অধিকর্তা সাজু বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক : K. Chy