
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুল দপ্তরি ও এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। একই দিনে দুইজনের এমন আকস্মিক প্রাণহানি ও মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন—ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমান হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে এবং নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা (৪০), এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে ও বড় ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সজিব (১১)। মং প্রু মারমার মায়ের নাম মাবু মারমানি এবং মোহাম্মদ সজিবের মায়ের নাম বেবী আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, একই সময়ে বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু মোহাম্মদ সজিব। দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ইউনিয়নে বজ্রপাতে এক স্কুলকর্মী ও এক শিশুশিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। পাশাপাশি এ ধরনের পৃথক বজ্রপাতের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জামিল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy