
চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড এলাকায় রেলওয়ের মূল্যবান জমি লিজ প্রদানে অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকৃত ব্যবহৃত জমির পরিমাণ গোপন করে এবং সরকারি নির্ধারিত হালনাগাদ ভাড়া কার্যকর না করায় ২০১৮ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে রেলওয়ে প্রায় ১৪ কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম রেলস্টেশনের পাশের আইস ফ্যাক্টরি রোড এলাকায় কাগজে-কলমে ৯৫ হাজার ৯৯৫ বর্গফুট জমি লিজ দেওয়া হয়। তবে বাস্তবে লিজগ্রহীতারা প্রায় ২ লাখ বর্গফুট জমি ব্যবহার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ওই জমির ওপর বর্তমানে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট নামে একটি বৃহৎ বাণিজ্যিক মার্কেট গড়ে উঠেছে। জমিটির জন্য তখন প্রতি বর্গফুট বার্ষিক ৪০ টাকা হারে লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছিল এবং বর্তমানে একই হারেই ভাড়া পরিশোধ করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র জানায়, কোনো উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই বিশেষ সুবিধার মাধ্যমে চুনারগুদাম ট্রাক মালিক সমবায় সমিতি ও আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতির নামে জমিটি লিজ দেওয়া হয়।
দুটি সংগঠনের সভাপতি হিসেবে জহির আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহ আলমের নাম থাকলেও পুরো কার্যক্রম মূলত এস এ কর্পোরেশনের শাহ আলম পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই মূল্যবান জমির সুবিধা ভোগ করে আসছেন বলেও দাবি সূত্রের।
রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা-২০২০ অনুযায়ী আইস ফ্যাক্টরি রোড এলাকায় খোলা রেলভূমির বার্ষিক লাইসেন্স ফি প্রতি বর্গফুট ১০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৮ জুন জারি হওয়া নতুন প্রজ্ঞাপনে এই হার বৃদ্ধি করে প্রতি বর্গফুট ৩০০ টাকা করা হয়। কিন্তু সংশ্লিষ্ট লিজগ্রহীতা এখনো ২০১৮ সালের নির্ধারিত ৪০ টাকা হারেই ভাড়া পরিশোধ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। সূত্রের হিসাব অনুযায়ী, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রকৃত ব্যবহৃত প্রায় ২ লাখ বর্গফুট জমির পরিবর্তে মাত্র ৯৫ হাজার ৯৯৫ বর্গফুটের ভাড়া আদায় করায় রেলওয়ে প্রায় ৮৩ লাখ টাকার রাজস্ব হারিয়েছে।
২০২০ সালে ভাড়া ১০০ টাকা নির্ধারণের পরও পুরোনো হার বহাল থাকায় ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত আরও প্রায় ৮ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুনে নতুন প্রজ্ঞাপনে ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হলেও তা কার্যকর না করায় গত এক বছরে প্রায় ৫ কোটি ২২ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। সব মিলিয়ে ২০১৮ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে রেলওয়ে আনুমানিক ১৪ কোটি ১৩ লাখ টাকারও বেশি রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র আরও জানায়, আইস ফ্যাক্টরি রোডের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জমি ইজারা দেওয়া হলে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক বেশি রাজস্ব আদায় করা সম্ভব হতো। ফলে প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের মোবাইলে কল করে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে এস এ কর্পোরেশনের শাহ আলমকে মোবাইল করে পাওয়া যায়নি । পরে মেসেজ পাঠিয়েও কোন সাড়া পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : K. Chy