
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে বিসিএস। প্রতি বছর লাখো চাকরিপ্রত্যাশীর অংশগ্রহণের এ পরীক্ষায় জেনারেল ক্যাডারে জায়গা করে নেওয়াকে অনেকেই সবচেয়ে কঠিন অর্জন হিসেবে বিবেচনা করেন। সেই চ্যালেঞ্জ জয় করে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল হাসান শাকিল।
রোববার (২৮ জুন) ৪৭ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ৬৬৩ টি পদের বিপরীতে ১ হাজার ৩২০ জনকে ক্যাডারপদে সুপারিশ করে পিএসসি। পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের তালিকায় জায়গা করে নেন তিনি।
শহিদুল হাসান শাকিল একাডেমিক জীবনেও রেখেছেন মেধার স্বাক্ষর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে অনার্সে সিজিপিএ ৩.৭৩ এবং মাস্টার্সে ৩.৯২ পেয়ে বিভাগে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। মাস্টার্সে থিসিস ও সম্পন্ন করেন।
তিনি ৪১তম বিসিএসে প্রথম অংশগ্রহণ করেন। সেই পরীক্ষাতেই বন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে সহকারী বন সংরক্ষক পদে কর্মরত আছেন। সম্প্রতি প্রকাশিত ৪৭ তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধাক্রম ৫৫ তম স্থান অধিকার করেন তিনি।
বিসিএস প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম শাকিল বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি তৃতীয় বর্ষ থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিসিএস নিয়ে সিনিয়রদের কাছ থেকে তেমন কোনো দিকনির্দেশনা পাইনি। এমনকি বিসিএস দেওয়ার কথাও খুব একটা কেউ বলতেন না। পরে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি গ্রুপ গড়ে তুলি। তখন থেকেই বিশেষ করে গণিত ও অনুবাদ নিয়মিত চর্চা করেছি।”
তিনি বলেন, “ বিসিএস প্রস্তুতির জন্য কখনো কোনো কোচিং করিনি । বিভিন্ন অনলাইন গ্রুপ থেকে সহায়তা নিয়েছি । বিশেষ করে করোনাকালীন সময়টাতে আমার প্রস্তুতি জোরদার করি। সেই সময়কে কাজে লাগিয়ে নিবিড়ভাবে প্রস্তুতি নেওয়ায় তখনই বিসিএসের ভিত্তি শক্ত হয়।”
বিসিএসের জার্নি সম্পর্কে মো: শহিদুল হাসান শাকিল বলেন, “শুরু থেকেই আমার লক্ষ্য ছিল পররাষ্ট্র ক্যাডার। তবে প্রথম বিসিএসেই বন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। চাকরিতে যোগ দেওয়ার পর পরবর্তী বিসিএসগুলোতে মনোনিবেশ করার সুযোগ হয়নি। তবে শুরুতে যেভাবে বেসিক তৈরি করেছিলাম, সেটিই পরে সবচেয়ে বেশি কাজে দিয়েছে। বিসিএস একটা কঠিন জার্নি৷ এখানে পড়াশোনার পাশাপাশি ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। ”
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “জেনারেল ক্যাডার ক্র্যাক করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল। ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারই প্রথম চয়েস ছিল, সেটাই পেয়েছি। এই রেজাল্টের মধ্য দিয়ে বিসিএস পরীক্ষা থেকে পুরোপুরি বিদায় নিলাম।
নতুন বিসিএস প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমানে বিসিএসের প্রশ্নের ধরন অনেক পরিবর্তন হয়েছে। প্রশ্ন দিন দিন কঠিন হচ্ছে। তাই প্রতিটি বিষয়ের বেসিক আগে শক্ত করতে হবে। নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পাশাপাশি ভালো গাইডলাইনও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে ভালো ফল করতে পারে না।”
বিসিএসের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ' বিসিএসে পড়াশোনার পাশাপাশি ভাগ্যের ও একটি বিষয় আছে। তাই সঠিক বিশ্বাস, শক্ত ভিত্তি, নিয়মিত অনুশীলন এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী আগালে কাঙ্ক্ষিত ক্যাডার অর্জন সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : K. Chy