
আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি।নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। উপজেলার পক্ষ থেকে প্রতিনিধিত্ব না থাকাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আবদুল করিম, সমাজকর্মী ও সাংবাদিক নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রহুল আমিন। এ সময় অংশগ্রহণকারীরা ‘বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’, ‘লামার ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে’ এবং ‘জেলা পরিষদে লামার প্রতিনিধিত্ব চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ জেলার অন্যতম বৃহৎ ও জনবহুল উপজেলা লামা থেকে কোনো সদস্য রাখা হয়নি, যা স্থানীয় জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং স্পষ্ট বৈষম্যের শামিল।
তারা আরও বলেন, লামা উপজেলার বিস্তীর্ণ জনপদ, বিপুল জনগোষ্ঠী এবং উন্নয়নগত প্রয়োজন বিবেচনায় জেলা পরিষদে এ উপজেলার প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নতুন পরিষদ গঠনের সময় বিষয়টি উপেক্ষিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লামা বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হয়ে আসছে। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব না থাকলে উপজেলার উন্নয়ন পরিকল্পনা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং স্থানীয় জনগণের চাহিদা যথাযথভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়বে।
সমাবেশ থেকে অবিলম্বে লামা উপজেলা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লামাবাসীর ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলাগুলোর একটি হিসেবে লামার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : K. Chy