
সজল চক্রবর্তী ।পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
তিনি বলেন, প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
গতকাল রবিবার বিকেলে হেয়াকোতে ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে চারা বিতরণ কর্মসূচির অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সমবায় অফিসার এম এ শহিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা আবুল খায়ের, ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি নুরুল আফসার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।।
প্রধান অতিথি বলেন, সরকার ও রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমবায় সমিতিগুলোকেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ নয়, বরং চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে। তাহলেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে এক হাজার পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy