
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও অলিভ ওয়েল জব্দ করে কোস্ট গার্ড।
আজ শনিবার ৩ মে ভোর ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লে: কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম আজ সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। এসময় আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ১০৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১১৬১ বোতল বিদেশি মদ এবং ০৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত বোট ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy