
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের আকমল আলী রোড এলাকা হতে অবৈধভাবে গুদামজাত করা ২০০ বস্তা বিদেশী চাল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া অফিসার লে: কমান্ডার সিয়াম-উল-হক এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার মধ্যরাত ০১ টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি গুদাম হতে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের ‘Food Basket’ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা (দশ হাজার কেজি) লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিক্রয় নিষিদ্ধ চালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy