
পরিবেশ অধিদপ্তর এবং সচেতন যুব সংগঠনের যৌথ উদ্যোগে
চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এবং সচেতন যুব সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ১৮ জুন মাস্টারপোল ও বলুয়ারদিঘী এলাকায় অবৈধ প্লাস্টিক ও পলিথিন ফ্যাক্টরির বিরুদ্ধে সফল অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উর্মি সরকার এবং তার সঙ্গে ছিলেন পরিদর্শক রুম্পা শিকদার।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি যুক্ত হন চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা। প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইয়ুথ হাব-এর প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত, সৃজনশীল যুব সংঘের প্রতিনিধি আসিফ, কায়ো বাংলাদেশ-এর সভাপতি সাকিব এবং একশন ফর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ছাদিনসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ। অভিযানকালে ৫০ কেজি অবৈধ পলিথিন, ১০০ ড্রাম পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয় এবং ৩টি অবৈধ কারখানা সিলগালা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণও অভিযানকে স্বাগত জানায় এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের পদক্ষেপের প্রশংসা করেন। উপস্থিত যুব সংগঠনের সদস্যরা বলেন, এ ধরনের অভিযান কেবল পরিবেশ রক্ষা নয়, বরং জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা জানান, ভবিষ্যতেও চট্টগ্রামে পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করবেন। অভিযানের সময় প্লাস্টিকের কুফল এবং পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy