
চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য:
চট্টলার কণ্ঠ ডেস্ক: সেন্টার ফর সুফি হেরিটেজ’র উদ্যোগে 'চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য: জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় 'চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্য: জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা' প্রবন্ধ পাঠ করেন মাকামের রিসার্চ এসোসিয়েট মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক মেহেদী হাসান, লেখক ও সমাজ চিন্তক হাসান মোহাম্মদ শরফুদ্দিন, চিন্তক লেখক আবদুল মুকিম,
সভায় বক্তাগন বলেন, ‘বাংলায় ইসলাম প্রচারে নেতৃত্বদানকারী সুফিরা যেমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তেমনি তাঁদের পথ অনুসরণ করে ছাত্র-জনতাও জুলাইয়ে সংগ্রামের মঞ্চ গড়ে তুলেছে। ইসলাম কোনো স্পেশালাইজড কালচারের নাম নয়; ইসলাম এক পলিম্যাথিক কালচার— এখানে জায়ান্ট তৈরি হয়, ডুয়ার্ফ তৈরি হয় না। যেখানে মানুষ শুধু একজন বিশেষজ্ঞ নয়, বরং একাধিক জ্ঞান-জগতে পারদর্শী, একাধারে আলিম, কবি, বিজ্ঞানী, দার্শনিক, এবং সমাজ রূপান্তরকারী হয়ে ওঠে। এখানেই গড়ে ওঠে গালিভার; লিলিপুট নয়।’ লেখক আবদুল মুকিম বলেন, সুফি ঐতিহ্য পঠন-পাঠন ও চর্চা আমাদের ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতা থেকে মুক্তির একটি সম্ভাবনাময় পথ উন্মোচন করে। চিন্তক হাসান মোহাম্মদ শরফুদ্দিন তাঁর আলোচনায় বলেন, ‘সুফিদের দাওয়াতি প্রভাব তাঁদের আচরণেই নিহিত ছিল—তাঁরা যা বলতেন, তা-ই করতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে। সমসাময়িক সুফি ধারার কিছু বিভ্রান্তি স্বীকার করেই আমাদের সেই সত্য ও সংগ্রামী সুফি ঐতিহ্যে ফিরে যেতে হবে—যেখানে জীবনই ছিল দাওয়াত।’
চট্টগ্রামের সর্বস্তরের সচেতন মানুষজন আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy