
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিসেস মাম্যাচিংকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বান্দরবানে আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৩ আগস্ট বিকেলে বান্দরবান জেলা বিএনপি'র সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত আনন্দ মিছিলটি বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে মুক্তমঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
একই অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদেরও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নবনিযুক্ত সদস্য চনুমং মারমা, জসিম উদ্দীন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উম্যাচিং মারমা ও লুসাই মং উপস্থিত ছিলেন। তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
জাবেদ রেজার নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বান্দরবান শহরের প্রধান সড়কগুলো।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন চেয়ারম্যান ও সদস্যদের নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তারা প্রত্যাশা করেন। জেলার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে নবনির্বাচিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy