
চট্টলার কণ্ঠ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় ঠিক করা হয়নি। তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দেওয়া সময় অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এই নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
সিইসি বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম থেকেই দাবি করে আসছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, মার্চ মাসের ২ তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে।
এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে।’
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডেটাবেইস) মেজর মো. মামুনুর রশিদসহ কুমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : K. Chy