
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রি কলেজিয়েট-এর ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লিজা গার্ডেন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ। বেলুন, রঙিন কাগজ ও আলোকসজ্জায় হলরুমটি সাজানো হয় বর্ণিল সাজে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী কেক কেটে ‘ক্লাস পার্টি ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার হাসান মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিবৃন্দ ও শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অভিভাবকরাও প্রতিষ্ঠানের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
দিনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
দুপুরে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। সবশেষে ফটোসেশন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণের মেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy