
চট্টগ্রাম: তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যোগ্যতা অনুযায়ী চাকরি প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আগামী ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’।
চট্টগ্রাম শহরের কারিগরি প্রশিক্ষণার্থী, সাধারণ শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং অভিজ্ঞ চাকরিপ্রত্যাশীদের জন্য আয়োজিত এই মেলায় বিডিজবসসহ মোট ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নিজেদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা উপস্থাপনের সুযোগ পাবেন।
মেলায় সকাল ১০টা থেকে চাকরির সুযোগ ও ক্যারিয়ার কাউন্সেলিং কার্যক্রম শুরু হবে। সকাল ১১টা থেকে চাকরিপ্রত্যাশীদের সিভি সংগ্রহ এবং দুপুর ১২টা থেকে ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির পাশাপাশি কর্মসংস্থান প্রক্রিয়াকে আরও সহজ ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে তরুণদের দক্ষতা ও যোগ্যতার সামঞ্জস্য তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাদের সচেতন করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণার্থী, নতুন গ্র্যাজুয়েট এবং চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
মেলাটি বাংলাদেশ শিশু একাডেমি, প্রবর্তক, চট্টগ্রামে (মিমি সুপার মার্কেটের পাশে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy