
জুবাইরুল ইসলাম রাফি, চকরিয়া প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার (১৭ জুন) দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া গ্রামার স্কুল মিলনায়তনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়।
প্রথম পর্বের বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকাই মুখ্য’। এ পর্বে চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় নিজ নিজ গ্রুপে বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
সেমিফাইনাল পর্বের বিষয় ছিল ‘স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশনই সুশাসনের মূল ভিত্তি’। এ পর্বে চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় ও চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জয়লাভ করে ফাইনালে ওঠে।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন পেকুয়াস্থ শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক মংখেইরি রাখাইন। বিচারক ছিলেন কবি ও সহকারী অধ্যাপক জামাল সাকিব, প্রভাষক ফাহমিদা আক্তার এবং প্রভাষক সানাম আনোয়ার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইবরাহীম মুহাম্মদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল আজম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy