
মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সিমস প্রকল্প, প্রত্যাশীর সার্বিক সহযোগিতায় সোমবার (২৯ ডিসেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাইগ্রেশন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাইগ্রেশন সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব, শাহীন দেলোয়ার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদেশগমন প্রত্যাশীদের সঠিক তথ্য প্রদান এবং দালালচক্রের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে উপজেলা পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদার করা জরুরি। তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে চলা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তব্য রাখেন মো: নুর আলম মাসুম সিদ্দিকী, ওসি (তদন্ত) চকরিয়া। তিনি বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দালালচক্রের বিষয়ে তথ্য পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ডা: শাহেদুল ইসলাম, সাকেরা শরিফ (মহিলা বিষয়ক কর্মকর্তা), মোহাম্মদ তৈয়ব আলী (সমাজসেবা কর্মকর্তা), ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, জনাব, ওমর আলী পেসক্লাব সভাপতি, রিয়াজ উদ্দিন সিপু, চেয়ারম্যান ডুলহাজারা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন রশিদা খাতুন, জেলা সমন্বয়কারী, সিমস প্রজেক্ট (প্রত্যাশী)। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ কামরুজ্জামান, উপজেলা কো-অর্ডিনেটর, চকরিয়া।
সভা শেষে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে নিয়মিত সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy