
দেশে খোলা ভোজ্যতেল বিক্রি পুরোপুরি বন্ধে আইনের কঠোর বাস্তবায়ন ও জনমত গঠনের আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সাথে স্বল্প আয়ের মানুষের পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ১০০ থেকে ৫০০ মিলিলিটার ধারণক্ষমতার ছোট প্যাকেটে ভোজ্যতেল বাজারজাত করার দাবি জানিয়েছেন ভোক্তা প্রতিনিধি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আজ রবিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। ‘ক্যাব’ এবং ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’ যৌথভাবে এই সভার আয়োজন করে।
ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরামর্শক মুশতাক আহমেদ মুহাম্মদ ইফতিখার। মূল প্রবন্ধে বলা হয়, দেশে এখনও একটি বড় অংশের মানুষ খোলা ভোজ্যতেল ব্যবহার করেন। এই খোলা তেল আলো ও বাতাসের সংস্পর্শে থাকায় এতে থাকা ভিটামিন 'এ'-এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। পাশাপাশি ধুলাবালি ও অন্যান্য ক্ষতিকর দূষকের মিশ্রণে এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই ঝুঁকি এড়াতে ছোট প্যাকেটে ভিটামিনসমৃদ্ধ তেল বাজারজাত করা হলে নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি জনস্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে।
সভায় বক্তারা ছোট প্যাকেট চালুর ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, প্যাকেট লিকেজ ও ভোক্তাদের সচেতনতার অভাবকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় উন্নতমানের প্যাকেজিং, ব্যবহৃত প্যাকেট ফেরত নেওয়ার 'রিটার্ন অ্যান্ড সেল' বা 'ক্যাশ-ব্যাক' ব্যবস্থা চালু এবং ব্যাপক জনসচেতনতা তৈরির সুপারিশ করা হয়।
ক্যাবের সহ-সভাপতি নাজের হোসেন বলেন, খোলা তেল বিক্রির বিরুদ্ধে সরকারের আইন থাকলেও তার কার্যকর বাস্তবায়ন হয়নি। তিনি আইনটি কঠোরভাবে প্রয়োগের দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, শুধু খোলা তেল পরিহার করলেই হবে না, তেল খাওয়ার পরিমাণও কমাতে হবে। অতিরিক্ত তেল গ্রহণ হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, ছোট প্যাকেটের তেলের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশগত ঝুঁকি কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে ক্যাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের স্বার্থে খোলা তেল পরিহার করে বোতলজাত নিরাপদ তেল ব্যবহারের বিষয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়ন জরুরি। স্বল্প আয়ের মানুষের কাছেও নিরাপদ ভোজ্যতেল পৌঁছে দিতে ক্যাব দেশব্যাপী জনমত গড়ে তুলবে এবং কার্যকর সরকারি পদক্ষেপ নিশ্চিত করতে কাজ করবে।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মাসুম আরেফিন, বিএসটিআইয়ের সহকারী পরিচালক প্রকৌশলী শশীকান্ত দাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রাশিদা পারভীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. নাজমুস সাকিব, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) প্রতিনিধি লাইলুন নাহারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy