
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার অমিত ফুড প্রোডাক্টস কে খাদ্যপণ্যে তেলাপোকা, ইদুর, পোকামাকড়, বিড়ালের বিচরণ এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ বিহীন প্রতিষ্ঠান পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার ১৭ জুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে 'অমিত ফুড প্রোডাক্টস, পাহাড়তলী, চট্টগ্রাম'- শীর্ষক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (খাদ্যপণ্যে তেলাপোকা, ইদুর, পোকামাকড়, বিড়ালের বিচরণ) অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, বিএসটিআই সনদ বিহীন) উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লক্ষ টাকা (৩,০০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
একইদিন পাহাড়তলীতে 'কনকা ড্রিংকিং ওয়াটার' শীর্ষক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার প্রারম্ভে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পলায়ন করায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy