
মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। তাদের অভিযানে সহায়তা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার দিকে রামুর গর্জনিয়া থেকে তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান। আটকের সময় ডাকাত শাহীন তার শ্বশুর শাকের মেম্বারের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। শাহীন ডাকাত আটকের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে স্বস্তি ফিরে আসে।
সংশ্লিষ্টদের মতে, রামু উপজেলার পূর্বাঞ্চলের অস্ত্র, গরু, মাদক চোরাচালানসহ বহু মামলার আসামি, শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় গত ২৫ মে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। ওই অভিযানে অস্ত্র, মাদক, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার হলেও কৌশলে সটকে পড়েছিল ডাকাত শাহীন। র্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মাঝিরঘাটা গ্রামের পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন একজন অস্ত্রধারি ডাকাত। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১৯টি মামলা রয়েছে। পুলিশের তথ্য মতে, সিআর ও জিআর মামলা এবং সাধারণ ডাইরিসহ (জিডি) অন্তত ১৯ মামলার পলাতক আসামি এই ডাকাত শাহীন। তার দুই ডজন মামলার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাই, ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।
শাহীনের হাতে খুনের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত, প্রকাশ্যে করা খুনের তথ্য এলাকাবাসী জানলেও সীমান্তে লোকচক্ষুর আড়ালে তৈরী করা মৃত্যুপুরীর পরিসংখ্যান থেকে যাচ্ছে আড়ালে। যুবক, বৃদ্ধ, নারী এমনকি পেটের অনাগত সন্তানও রেহাই পায়নি শাহীনের হাত থেকে।
সূত্রে জানায়, ৫শ থেকে ১ হাজার পর্যন্ত গরু অবৈধভাবে প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গরু থেকে ৩ হাজার টাকা করে দিতে হয় শাহীনকে। শুধু গরু নয়, সাথে আসে আইস, ইয়াবা, সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য যার মূল নিয়ন্ত্রক হচ্ছে শাহীন। গরু, আইস, ইয়াবা, সিগারেট চোরাচালান বেড়ে যাওয়ার সাথে সাথে সীমান্তের এই এলাকায় বেড়ে যায় খুনোখুনির ঘটনাও। শাহীনের গরু এবং ইয়াবা পাচারে কেউ ন্যূনতম বাঁধা হলেও তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী। এক এক করে সীমান্তের এই এলাকাগুলোতে গত কয়েক বছরে অন্তত ডজনাধিক খুনের নেতৃত্ব দিয়েছে শাহীন।
২০২৩ সালের ৩ মার্চ। সেদিন ভয়ংকর হত্যাকাণ্ডের সাক্ষী হয় গর্জনিয়ার বেলতলীর মানুষ। এলাকাবাসীরা জানায়, নাইক্ষ্যংছড়ির শফিউলাহর ছেলে ইরফানকে ডাকাত শাহীন তার নিজের মোটরসাইকেলে বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করে নৃশংসভাবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy